গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান: নাহিদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০১-২০২৬ ০৫:৫১:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০১-২০২৬ ০৬:২৬:০৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণভোটে আমরা এনসিপি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিচ্ছি। জনগণকে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। যদি আমাদেরকে আপনাদের পছন্দ না-ও হয়, আমাদের ভোট না-ও দেন তবে অ্যাট লিস্ট ‘হ্যাঁ’ এর পক্ষে আপনারা ভোট দেবেন।
নাহিদ ইসলাম আরো বলেন, দল-মত-নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া। কারণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে।
সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থানের পরে আমরা যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে। তাহলে গণ-অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে।
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষ প্রচারণা করা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তবে কোনো বিশেষ রাজনৈতিক দল ইনিয়ে-বিনিয়ে গণভোটে ‘না’-এর পক্ষে কথা বলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স