ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: বিসিবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৮:১৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৬ ১১:৪১:৩২ অপরাহ্ন
ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: বিসিবি
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে বিশ্বকাপে নিরাপত্তা সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। তাতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের তিনটি নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে। তবে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রীড়া উপদেষ্টার বক্তব্য বিসিবিকে পাঠানো আইসিসির সরাসরি কোন জবাব নয়। 

এর আগে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার এক ফেসবুক পোস্টে একই কথা জানান। তিনি নিজস্ব ফেসবুক পেজে লেখেন, ‘ক্রীড়া উপদেষ্টা আইসিসির পাঠানো যে চিঠির কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় নোট। বাংলাদেশ দলের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধে, আইসিসির পাঠানো সরাসরি কোনো জবাব নয়।’

বিসিবি থেকে জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে নিরাপত্তা শঙ্কাজনিত যে কারণের কথা উল্লেখ করে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে যে চিঠি পাঠিয়েছে, তার আনুষ্ঠানিক কোন বক্তব্য এখনো আইসিসির কাছ থেকে বিসিবি পায়নি। আইসিসির থেকে নতুন কোন মেইল বা চিঠি বোর্ড পায়নি বলেও জানানো হয়েছে। 

এর আগে সোমবার দুপুরে (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগ চিঠিতে বলেছে, তিনটি জিনিস বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি। তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন এগিয়ে আসা। নির্বাচন যতো এগিয়ে আসবে ততো দলের নিরাপত্তাঝুঁকি বাড়বে।’   

তিনি আইসিসির দেখানো তিনটি কারণকেই অবাস্তব আখ্যা দেন, ‘আইসিসি যদি আশা করে আমরা দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না। ভারতে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠিতে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ