ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৫:০৮:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৭:০৪:২৩ অপরাহ্ন
​পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩ ​ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই ভাই রয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহতদের পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসদরের সোতাশি (ধলা হুজুরের বাড়ির নিকট) অরক্ষিত রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুটমিল থেকে কাজ শেষে প্রায় ১৫ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি রেলক্রসিং অতিক্রম করার সময় শ্রমিকবাহী পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হন। নিহতরা হলেন— জনতা জুটমিলের শ্রমিক, ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

এ ঘটনায় আহত ১০ জন শ্রমিককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি রেলক্রসিং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ