ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলিকে উড়িয়ে দিলো মেসিবিহীন আর্জেন্টিনা

আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৫:৫৪:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০৫:৫৭:০৮ অপরাহ্ন
চিলিকে উড়িয়ে দিলো মেসিবিহীন আর্জেন্টিনা চিলিকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৬ সেপ্টেম্বর ২০২৪: 
আর্জেন্টিনা দলে নেই লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া। দুই কিংবদন্তীর কাউকেই ম্যাচে না পাওয়ার এমন ঘটনা ঘটল প্রায় এক দশক পর । যদিও  মাঠের পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলেনি মেসি-মারিয়ার ঘাটতি। চিলির বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বুয়েনস আয়ার্সে চিলিকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। জালের দেখা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি হয়ে নামা পাওলো দিবালা।

ম্যাচের শুরুটা প্রত্যাশামত করতে পারেনি আর্জেন্টিনা। প্রথামার্ধে নিজেদের গুছিয়ে নিতে বেশ খানিকটা সময় নিয়েছে তারা। সেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে চিলি। তবে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্রয়ে।

বিরতির পর আক্রমণ শানায় আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে প্রথমবার গোলের দেখা পায় তারা। আলভারেজ চলতি বলই ক্রস করেন চিলির গোলপোস্টের সামনে। সেখান থেকে ম্যাক অ্যালিস্টার শট নিয়ে গোল করেন।  

৮৪তম মিনিট আর্জেন্টাইনদের হয়ে দ্বিতীয় গোল করেন আলভারেজ। চিলির বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে জালের দেখা পান তিনি। অতিরিক্ত সময়ের খেলায় ব্যবধান আরো বাড়ান ম্যাক অ্যালিস্টারের জায়গায় ৭৯ মিনিটে বদলি হয়ে নামা দিবালা। মেসির ১০ নম্বর জার্সি পরে আজ খেলেছেন তিনি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় উরুগুয়ের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে স্কালোনির দল। শীর্ষ ৬টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ।

ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ