ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​১ মার্চ থেকে বিমানের ম্যানচেস্টারগামী ফ্লাইট বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৭:৫৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৭:৫৪:১৭ অপরাহ্ন
​১ মার্চ থেকে বিমানের ম্যানচেস্টারগামী ফ্লাইট বন্ধ ​ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত আরো এক মাস পিছিয়েছে। 

বিমান পরিচালনা পর্ষদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে এ রুটে ফ্লাইট স্থগিতের তারিখ আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হলেও টিকিটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে এক মাস সময় বাড়ানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে সম্মানিত যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/+৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সাময়িক এ অসুবিধার জন্য সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে।

একই সঙ্গে ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ