ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে অবৈধ স্থাপনা: মুগদায় আরসিসি বিম ভেঙে দিল ডিএসসিসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:৩১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:৪৩:৩০ অপরাহ্ন
সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে অবৈধ স্থাপনা:  মুগদায় আরসিসি বিম ভেঙে দিল ডিএসসিসি ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাস্তা দখল করে অবৈধভাবে আরসিসি ওয়াল ও বিম নির্মাণের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রায় ৫০ ফুট অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন। গতকাল রবিবার  (৪ জানুয়ারি) এ অবৈধ স্থাপনা ভেঙে দেয় সিটি কর্পোরেশন। এদিকে আজ সোমবার (৫জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী জহির আহমেদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি)  কাজটি বাতিল করার জন্য একটি চিঠি দিয়েছেন। 

ডিএসসিসি সূত্র জানায়, গত ৩ জানুয়ারি এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মুগদা বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের আশপাশে সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, কতিপয় ব্যক্তি সিটি কর্পোরেশনের রাস্তার অংশে নির্মিত আরসিসি ফুটপাতের প্রায় ৪ ফুট জায়গা দখল করে স্থাপনা ও ওয়াল নির্মাণের জন্য সেন্টারিং ও রড বাঁধাইয়ের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনা অমান্য করে ৪ জানুয়ারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) একটি ঠিকাদার পরিচয়ে রাস্তার ভেতরে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের আরসিসি বিম ঢালাই সম্পন্ন করা হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ এই নির্মাণের ফলে রাস্তার পানি নিষ্কাশনের ক্যাচপিট বন্ধ হয়ে যায়, রাস্তা সংকুচিত হয় এবং জনসাধারণ ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। এতে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

পরিস্থিতি বিবেচনায় সিটি কর্পোরেশন তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে অবৈধভাবে নির্মিত আরসিসি বিমের প্রায় ৫০ ফুট ভেঙে ফেলে। ডিএসসিসি আরও জানায়, সিটি কর্পোরেশন আইন-২০১৬ অনুযায়ী রাস্তা দখল করে অবকাঠামো নির্মাণ একটি দণ্ডনীয় অপরাধ এবং এ ক্ষেত্রে জরিমানা ও মোবাইল কোর্ট পরিচালনার বিধান রয়েছে।

ডিএসসিসির কর্মকর্তারা জানান, মুগদা প্রধান সড়কের উন্নয়নের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির তত্ত্বাবধানে এলাকাবাসীর সহযোগিতায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে রাস্তার উভয় পাশে আরসিসি ফুটপাত নির্মাণ ও কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিন পর উন্নয়নকৃত রাস্তা দখল করে এ ধরনের নির্মাণ সম্পূর্ণ অবৈধ ও আইনবিরোধী। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মিত সব অবৈধ স্থাপনা অপসারণ এবং ভবিষ্যতে রাস্তার ভেতরে কোনো ধরনের নির্মাণ কাজ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ