বেশি দামে এলপি গ্যাস বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-০১-২০২৬ ০৩:৫৬:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০১-২০২৬ ০৩:৫৬:০৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মাগুরা জেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে মেসার্স জেনারেল গ্যাস হাউজের মালিক সৈয়দ খাইরুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শহরের দোয়ারপাড়া এলাকায় অবস্থিত জেনারেল গ্যাস হাউজের গোডাউনে এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানকালে মেসার্স জেনারেল গ্যাস হাউজে বিপুল পরিমাণ গ্যাস মজুদ রাখা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এছাড়া গোডাউনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং লাইসেন্স অনুযায়ী গ্যাস মজুদের সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ অর্থদণ্ড আরোপ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য এক হাজার ২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানটি প্রতি সিলিন্ডার ৮০ টাকা বেশি দামে বিক্রি করছিল।
এ বিষয়ে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করার জন্য সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখনো সরকারিভাবে গ্যাসের দাম বাড়ানো হয়নি। অথচ মাগুরার এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছিল।”
তিনি বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযানকালে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সূত্র : বাসস
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স