ঘোষণা জামায়াত নেতার
‘আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, সব দায়িত্ব আমাদের’
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-০১-২০২৬ ০৭:২৯:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০১-২০২৬ ০৭:২৯:৪৩ অপরাহ্ন
ছবি : ভিডিও থেকে নেওয়া
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক এমপি মো. লতিফুর রহমান বলেছেন, ‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন। বিএনপি থেকে জামায়াতে যোগ দেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। আইন-আদালত-থানার দায়িত্ব আমাদের। এসপি-ওসি সব দেখবো’।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে অনেকেই জামায়াত সম্পর্কে ভিন্ন মতামত ব্যক্ত করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ওই বৈঠকে লতিফুর রহমান বলেন, ‘আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলেছে। জামায়াতে ইসলামীকে আগের জামায়াত মনে করিয়েন না, জামায়াত এখন অনেক শক্তিশালী। নবাবগঞ্জের সমস্যাগুলো এখন লতিফুর রহমান দেখে। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় থাকবেন। আপনাদের বিষয়ে আইন-আদালত, কোর্ট-থানার দায়িত্ব আমরা নেব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আল্লাহ বলেছেন তোমাদের সকল বিষয়ের জাররা জাররা হিসাব নিব। বিএনপির সাথে থাকবেন, বিএনপির সাথে কেয়ামত করতে হবে। আল্লাহর রাসুল বলেছেন, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কারও সাথে শত্রুতা করলে আল্লাহর জন্য করতে হবে। দান করলে আল্লাহর জন্যই করতে হবে।’
তিনি বলেন, ‘আল্লাহর দল ছাড়া মানুষের দল করা যাবে না। এটা আমার কথা নয়, কোরআনের কথা। এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, তোমাদের ভালো কাজের, খারাপ কাজের আমি জাররা জাররা করে হিসাব নেব।’
বিএনপিকে ইঙ্গিত করে উঠান বৈঠকে তিনি বলেন, ‘আপনারা ঘাবড়াবেন না। আমাদের রগ কাটা পার্টি বলে নিজেরা সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন। নিজেদের কুকর্ম ঢাকতে আপনাদের মানুষকে যখন কিছু বলার থাকে না, তখন আবোল-তাবোল কথা বলেন। এগুলো জনগণ আর খাচ্ছে না।’
এ ব্যাপারে জামায়াত নেতা লতিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ ও বিএনপির লোকদের দাওয়াত দিচ্ছি। আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি, আজ তারা দলে দলে দাখিল হচ্ছে। আমি নিজেও আওয়ামী লীগ পরিবারের ছেলে। আমি ১৯৭১ সালের শহীদ পরিবারের ছেলে। আমি দেশ স্বাধীনের জন্য ’৬৯ থেকে ’৭৫ পর্যন্ত কাজ করেছি। তবে আমি ইসলামী ছাত্রশিবিরের কাছে ঋণী-আমাকে নামাজ, কোরআন, ইসলাম সম্পর্কে ধারণা, মুসলমানদের কায়দা-কানুন শিখিয়েছে।
তিনি আরও বলেন, ‘ক্লিন ইমেজের যারা আগে আওয়ামী লীগ করতো, এখন জামায়াতে যোগ দিয়েছে- তাদের বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে।’ এটাকে উদ্দেশ্য করেই আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি মাত্র।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স