সংসদ ভবনে খালেদা জিয়ার মরদেহ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-১২-২০২৫ ১২:২১:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১২-২০২৫ ০১:৫৯:০৩ অপরাহ্ন
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে নেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে খালেদা জিয়ার মরদেহবাহী বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িটি সংসদ ভবনে প্রবেশ করে।
ডিএমপির ঘোষিত রুট অনুযায়ী, খালেদা জিয়ার মরদেহ দীর্ঘদিনের ঠিকানা ‘ফিরোজা’ থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হয়। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বাঁয়ে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ পৌঁছায়।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, ভুটানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়কমন্ত্রী ড. আলি হায়দার আহমেদ উপস্থিত থাকবেন।
অন্যদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের পক্ষ থেকে দেশটির জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাবিক জানাজায় অংশগ্রহণ করবেন।
এ ছাড়া শোক জানাতে আরও এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথও ঢাকায় এসেছেন।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স