দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-১২-২০২৫ ০৬:৪০:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১২-২০২৫ ০৮:০৬:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বোরো আবাদ নিয়েও শঙ্কায় কৃষকেরা। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম মাসুদ জানান, কিশোরগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঠান্ডার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা। অতিরিক্ত ঠান্ডায় কষ্টে রয়েছে গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণী ও পাখিরা।
পৌষের মাঝামাঝিতে হাড় কাঁপানো শীতে কাবু সারা দেশ। কমেছে দিনের তাপমাত্রা। ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। রাতভর শিশিরের মতো ঝরে কুয়াশা।
পঞ্চগড়ে বেলা গড়ালেও মিলছে না সূর্যের দেখা। রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন। উত্তরের হিমেল হাওয়া আর বৃষ্টির মতো কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত। লালমনিরহাট-নীলফামারীতে দিনের বেলা কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বাকি সময় ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক।
সহসাই শীতের কবল থেকে রেহাই পাচ্ছেন না সিরাজগঞ্জ-যশোরের মানুষ। গেল দুদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি ঠান্ডা। কনকনে হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি।
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কনকনে ঠান্ডায় ঘর থেকে বাইরে হওয়াই কষ্টকর। তাই আয় রোজগারও কমে গেছে নিম্ন আয়ের মানুষের।
কুয়াকাটায় ভোর থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের বেলায়ও হেডলাইট জালিয়ে চলছে গাড়ি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স