ট্রেনের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১২-২০২৫ ০১:৫১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১২-২০২৫ ০১:৫১:৪৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বগুড়ার সোনাতলায় এক মা ও তার শিশু ছেলের ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়াপাড়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, মা ও ছেলে আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন রনি বেগম (৩০) এবং তার আট বছর বয়সী ছেলে আরাফাত।
রনি বেগমের বাড়ি পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি বেগম সকালে তার ছেলেকে সঙ্গে নিয়ে সোনাতলার দিকে আসছিলেন। এক পর্যায়ে তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি তাদের সরানোর চেষ্টা করেন।
ঠিক সে সময় সান্তাহার-লালমনিহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেন দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।
এ সময় ওই স্থানীয় ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উৎকণ্ঠা ও কৌতূহল। অনেকেই ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখলেও পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কার কথাও উঠেছে।
সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলে আত্মহত্যা করতে পারেন। তবে এটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স