ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৭:৫০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১০:০৬:৪৬ অপরাহ্ন
​এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগের কথা সরাসরি উল্লেখ না করলেও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।

এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানান, জারা দলের অভ্যন্তরীণ গ্রুপে এক বার্তার মাধ্যমে পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। সেই বার্তায় তাসনিম জারা লিখেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইলো।’

এদিকে, ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। উল্লেখ্য, এর আগে ঢাকা–৯ আসন থেকে জারাকে মনোনয়ন দিয়েছিল এনসিপি।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।’

জারা আরও লিখেছেন, ‘একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ