৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-১২-২০২৫ ০৬:৪১:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১২-২০২৫ ০৭:১৫:৫৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
একীভূত হওয়া পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের আমানতকারীদের হিসাব নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি গ্রাহকরা তাদের বিদ্যমান চেক বই ব্যবহার করে নতুন ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হতে পারে। সম্পন্ন হওয়ার পর আলোচিত পাঁচ ব্যাংকের গ্রাহকদের ব্যাংক হিসাবের আমানত স্বয়ংক্রিয়ভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবেও স্থানান্তরিত হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের সংকটে থাকা পাঁচটি ব্যাংক— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক— একত্রিত করার মাধ্যমে। এই ব্যাংকগুলোর অনিয়ম ও ঋণ খেলাপির কারণে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এমন পদক্ষেপ নিয়েছে।
আরিফ হোসেন খান জানান, গ্রাহকরা প্রথমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তোলার সুযোগ পাবেন। যাদের হিসাবের ব্যালান্স দুই লাখ টাকার কম, তারা একবারেই পুরো টাকা তুলতে পারবেন। দুই লাখ টাকার বেশি থাকলে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তোলা যাবে। ৬০ বছরের বেশি বয়সী বা জটিল রোগে আক্রান্ত গ্রাহকদের জন্য এই সীমা শিথিল রাখা হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানীর সেনাকল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে। ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসছে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
স্থানান্তরের ফলে পাঁচ ব্যাংকের ৭৫ লাখ আমানতকারীর হিসাব স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকে যুক্ত হবে। গ্রাহকরা চেক ইস্যু, নগদ উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন। বর্তমানে এই পাঁচ ব্যাংকে আমানতের পরিমাণ এক লাখ ৪২ হাজার কোটি টাকা, বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ৯৩ হাজার কোটি টাকা। দেশব্যাপী ব্যাংকগুলোর ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স