ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পথ হারাল বিয়ের নৌকা, বর-কনেসহ আটকা ৪৭ যাত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১২:৫৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১২:৫৮:২৭ অপরাহ্ন
পথ হারাল বিয়ের নৌকা, বর-কনেসহ আটকা ৪৭ যাত্রী ​প্রতীকী ছবি
ঘন কুয়াশার কারণে যমুনা নদীর মাঝনদীতে ৪৭ জন বরযাত্রী বহনকারী একটি নৌকা আটকা পড়েছে। নৌকায় বর-কনে ছাড়াও ১৭ নারী ও ৯ শিশু রয়েছে, যাদের মধ্যে চারজনের বয়স এক থেকে দেড় বছরের মধ্যে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জগামী নৌকাটি যমুনার মাঝনদীতে গিয়ে পথ হারিয়ে ফেলে।

বরের বড় ভাই রাশেদুল ইসলাম বাবু জানিয়েছেন, বর নিলয় হাসান ছানির (২০) বিয়ে উপলক্ষে ৪৭ জন বিয়ে অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টার দিকে কলাতলী ঘাট থেকে নৌকায় রওনা হন। কিন্তু নদীতে পৌঁছার পর ঘন কুয়াশার কারণে মাঝি পথ হারিয়ে ফেলেন। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত নৌকার অবস্থান অজানা ছিল।

বরযাত্রী বজলুর রহমান বলেন, কুয়াশা হঠাৎ বেড়ে যাওয়ায় ছোট শিশু ও নারী নিয়ে আমরা চরম দুর্ভোগে আছি। একদিকে তীব্র শীত, অন্যদিকে নিরাপত্তাহীনতায় সবাই আতঙ্কিত। মোবাইলের চার্জও শেষ হয়ে আসছে।

নৌকার মাঝি আবুল কাশেম বলেন, টর্চলাইটে পাঁচ ফুটের বেশি দেখা যায় না। কোন দিকে এগোতে হবে, তা বুঝতে পারছি না। নদীতে পানি কম থাকায় নৌকা আটকে যাচ্ছে। এখন সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের আহমেদ জানান, নৌকাটি সারিয়াকান্দি থানার জলসীমার মধ্যে অবস্থান করছে। তবে ঘন কুয়াশার কারণে উদ্ধারকারী দল নৌকার কাছে পৌঁছাতে পারছে না। নৌ পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ