ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করল জিএম কাদেরের জাপা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১২:৩০:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১২:৩৫:৪১ পূর্বাহ্ন
২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করল জিএম কাদেরের জাপা ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সমান সুযোগ দেবে।

ঘোষিত ২৪৩ আসনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ ও ৫ আসন থেকে নির্বাচন করবেন। সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ লালমনিরহাটের লালমনিরহাট-১ আসনে নির্বাচন করবেন।

এদিকে তালিকায় থাকা প্রার্থীদের কমপক্ষে চারজনের নাম আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ থেকেও এসেছে। এই তালিকায় রয়েছেন পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম-১), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩) এবং জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া-২)।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থিতা ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফখরুল ইমাম। তিনি আজকের সংবাদ সম্মেলনেও ছিলেন। 

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য ও জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের নির্বাচন করলেও এবার তিনি নির্বাচন করছেন না। শেরিফা কাদের দ্বাদশ জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী একটি দল। জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু আশঙ্কাজনকভাবে আমরা দেখছি, সরকার এ ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, সারাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। অনেক আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে আমাদের হিমশিম খেতে হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের ও ফকরুল ইমাম।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ