ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পাশাপাশি চিরনিদ্রায় শায়িত অগ্নিদগ্ধ দুই বোন আয়েশা-স্মৃতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১২:২৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১২:২৯:১৫ অপরাহ্ন
​পাশাপাশি চিরনিদ্রায় শায়িত অগ্নিদগ্ধ দুই বোন আয়েশা-স্মৃতি সংবাদচিত্র: সংগৃহীত
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল চৌধুরীর অগ্নিদগ্ধ দুই মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। ছোট মেয়ে আয়েশা আক্তার সানজুর কবরের পাশে দাফন করা হয় বড় মেয়ে সালমা আক্তার স্মৃতিকে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বড় মেয়ে স্মৃতিকে তার ছোট বোন আয়েশার কবরের পাশে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধ আয়েশার মৃত্যুর ৬দিন পর ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মেনে পৃথিবী থেকে চিরতরের জন্য বিদায় নেয় সালমা আক্তার স্মৃতি। নিহত আয়েশা-সালমার বাবা বেলাল চৌধুরী বলেন, ‘চোখের সামনে ৫ মিনিটে আমার সাজানো পুরো সংসারটি শেষ হয়ে গেছে। ছোট মেয়ে আয়েশার মৃত্যুর ৬দিন পর বড় মেয়ে স্মৃতিও মারা যায়। মেজো মেয়ে সামিয়া আক্তার বিথিও অসুস্থ। এখন ছোট ভাইয়ের ঘরে স্ত্রী নাজমা আক্তার দুই ছেলে ও মেজো মেয়েকে নিয়ে থাকে। আমি পাশে অন্য একটি বাড়িতে ঘুমাই। বাড়িতে আসলে অনেক খারাপ লাগে। নিজেকে বাঁচাতে পারলাম কিন্তু দুই সন্তানকে বাঁচাতে পারিনি।’

বেলাল চৌধুরীর স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘ওরা আমার দুই মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে। আমরা খুনির শাস্তির দাবি করছি। ছোট মেয়েটা বারবার তার বাবাকে বলেছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।’

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এরমধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার ছোট মেয়ে আয়েশা আক্তার সানজু (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৭) ও বিথি আক্তার (১৪) দগ্ধ হয়। দগ্ধের ৬দিন পর বড় মেয়ে স্মৃতি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বেলাল চৌধুরী নিজেও সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগুনের ঘটনার পর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ৪লাখ টাকা পুনর্বাসনের জন্য সহায়তা করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ