ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কানাডায় বিশ্ববিদ্যালয়ের কাছে ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১১:৩১:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১১:৩১:৪২ পূর্বাহ্ন
​কানাডায় বিশ্ববিদ্যালয়ের কাছে ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা ফাইল ছবি
কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। ২০ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম শিভাঙ্ক আভাস্থি। তিনি পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। অভিযুক্ত অপরাধী পলাতক থাকার কারণে আসামিকে ধরতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। এটি চলতি বছরে টরন্টোর ৪১তম হত্যাকাণ্ড। খবর এনডিটিভি

গত বুধবার এক বিবৃতিতে পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৪ মিনিটের দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় ‘অজ্ঞাত ঘটনার’ খবর পেয়ে তারা সেখানে যায়। সেখানে গুরুতর আহত একজনের খবর পান কর্মকর্তারা। পরে গুলিবিদ্ধ এক যুবককে শনাক্ত করা হয় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় যাদের কাছে তথ্য আছে, তাদের টরন্টো পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে শিভাঙ্ক আভাস্থির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ভারত। টরন্টোর ভারতীয় দূতাবাস (কনসুলেট জেনারেল) এক্স-এ দেয়া বিবৃতিতে জানায়, এ ঘটনায় তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে গুলিতে তরুণ ভারতীয় পিএইচডি শিক্ষার্থী শিভাঙ্ক আভাস্থির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।’

আরও বলা হয়, ‘এই কঠিন সময়ে আমরা শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে সব ধরনের সহায়তা দিচ্ছি।’ এর আগে গত সপ্তাহে টরন্টোতেই ৩০ বছর বয়সী ভারতীয় নারী হিমাংশি খুরানাকে খুন করা হয়। শুক্রবার নিখোঁজের অভিযোগ করার পর শনিবার স্ট্র্যাকান অ্যাভিনিউ ও ওয়েলিংটন স্ট্রিট এলাকায় একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার পর ৩২ বছর বয়সী আবদুল গাফুরির বিরুদ্ধে খুনের পরোয়ানা জারি করে পুলিশ। তিনি টরন্টোরই বাসিন্দা বলে জানানো হয়। গাফুরি ও খুরানা ‘ঘনিষ্ঠ সঙ্গী’ ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিমাংশি খুরানার মৃত্যুতেও শোক জানানোর পাশাপাশি তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার কথাও জানিয়েছে টরন্টোর ভারতীয় দূতাবাস।

এক্স–এ দেয়া পোস্টে বলা হয়, ‘টরন্টোতে ভারতীয় নাগরিক হিমাংশি খুরানার হত্যায় আমরা গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গত কয়েক দিন ধরে বিষয়টি আমরা ঘনিষ্ঠভাবে অনুসরণ করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয় করে তার পরিবারকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।’

বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ