বাসায় পৌঁছালেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১২-২০২৫ ০৯:৫৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১২-২০২৫ ১০:০৯:২৪ অপরাহ্ন
সংবাদচিত্র: ফোকাস বাংলা নিউজ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাঁকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে আসে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।
গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। সেখানে থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।
এর আগে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর পর তিনি গুলশানের বাসার উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন।
সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সেখানে পৌঁছান।
দিনব্যাপী কার্যক্রমে তিনি বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট সংলগ্ন গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন। সেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে এক ঐতিহাসিক ভাষণ দেন। জনসমুদ্রে দেওয়া সেই ভাষণে তিনি দেশের গণতন্ত্র রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের বাংলাদেশের পরিকল্পনার কথা তুলে ধরেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সরাসরি মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স