ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এনসিপি নেতাকে গুলি: আলোচিত সেই নারী আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১২:৫৩:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১২:৫৩:৪৬ অপরাহ্ন
​এনসিপি নেতাকে গুলি: আলোচিত সেই নারী আটক ​ছবি: সংগৃহীত
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আলোচিত নারী সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। তবে আটকের পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার বেলা পৌনে ১১টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় ‘শ্রমিক শক্তি’র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার (৪২) রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি আশঙ্কামুক্ত।

আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে।

গুলির ঘটনাটি নগরীর গাজী মেডিক্যাল কলেজের সামনে ঘটেছে বলে ভুক্তভোগী ও এনসিপি নেতারা দাবি করলেও পুলিশের ভাষ্য ভিন্ন। পুলিশের দাবি, নগরীর ১০৯ মজিদ সরণীর আল আসকা মসজিদ গলির ‘মুক্তাহাউজ’ নামের একটি বাসার নিচতলায় গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই স্থান থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করা হয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, শ্রমিক নেতা মোতালেব শিকদার সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, মাদক ও চাঁদাবাজির ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এই গুলির ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার রাতে তনিমাকে আটক করে ডিবি পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ