ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এখন থেকে যৌথবাহিনীর অভিযান চলবে: ইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৮:৪১:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৮:৪১:২৯ অপরাহ্ন
​এখন থেকে যৌথবাহিনীর অভিযান চলবে: ইসি ​ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখন থেকে যৌথবাহিনীর অভিযান চলবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘যৌথবাহিনীর অভিযান ইতোমধ্যে চলমান রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অভিযান সম্পর্কে নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজারের মতো ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে।’

এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার দুপুর ২টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান অথবা তাদের প্রতিনিধিরা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার।

এ ছাড়া বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

এরও আগে একই দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে পৃথক বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

ভোটের তফসিল ঘোষণার পর এটি নির্বাচন কমিশনের সঙ্গে তিন বাহিনী প্রধানদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ বলে জানায় ইসি সূত্র।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ