ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​যে কথায় জামায়াত কষ্ট পায়, সে কথা আর বলব না : আখতারুজ্জামান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১২-২০২৫ ০১:৩১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৫ ০১:৩১:৪৭ অপরাহ্ন
​যে কথায় জামায়াত কষ্ট পায়, সে কথা আর বলব না : আখতারুজ্জামান ​ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, ‘যে কথায় জামায়াতে ইসলামী কষ্ট পায়, সে কথা আমি আর বলব না। প্রয়োজনে আমার জবান কেটে দেব। কারণ এই দলটি আমাকে আশ্রয় দিয়েছে।’

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে অনুষ্ঠিত এক কৈফিয়ত সভায় তিনি এসব কথা বলেন।

মেজর আখতারুজ্জামান আরও বলেন, ‘এই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই— আমি কীভাবে নতুন ঘর বানাব? কিন্তু জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আজ হঠাৎ করে দেখছি আমার গুরুত্ব বেড়ে গেছে। বিএনপির অনেক বন্ধু এখন ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছে। এতে আমি শুকরিয়া জানাই। তারা বুঝতে পারছে— আমি তাদের ঘরের একটি শক্ত খুঁটি ছিলাম। আমি নিজে দল ছেড়ে আসিনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত তিন বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি। আজ গালাগালি করছেন— এতেও ভালো লাগে, কারণ বুঝতে পারছি আপনারা আমাকে নিয়ে ভাবছেন।’

নির্বাচন প্রসঙ্গে মেজর আখতারুজ্জামান জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না। তবে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে তাকে উপযুক্ত কোনো দায়িত্বে রাখা হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

জামায়াতের প্রতি তিনটি দাবি তুলে ধরে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, সন্ত্রাস ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিশৃঙ্খলা নয়, সত্য প্রকাশ ও শান্তির মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ মানুষকে সম্মান করবে।

সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে মেজর আখতারুজ্জামান বলেন, ‘আমরা একজন ত্যাগী নেতাকে হারিয়েছি। যারা জড়িত, প্রয়োজনে পাতাল থেকে তুলে এনে হলেও তাদের বিচার করতে হবে। আমরা শুধু বিচারই চাই না, শহীদ হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে চাই।’

সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমির সাইদুল হক (বিএসসি), সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

কৈফিয়ত সভায় মেজর রঞ্জনের ভক্ত-সমর্থকসহ স্থানীয় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ