ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১২-২০২৫ ০১:২২:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৫ ০১:২২:৪৮ অপরাহ্ন
তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা ​ফাইল ছবি
যুক্তরাজ্য থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তেমনি নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রকাশ পাচ্ছে শঙ্কাও। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন কৌতূহল বাড়ছে, তেমনি নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির দিকেও নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

পুলিশের একটি সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানার পর তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গত সোমবার (১৫ ডিসেম্বর) সরকারের উচ্চপর্যায়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে দেশে ফেরার পর তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দিক-নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। নিরাপত্তায় কোথাও যেন কোনো ফাঁক না থাকে এ বিষয়টি ভালোমতো তদারকি করতেও নির্দেশ দেওয়া হয়।

পুলিশ বলছে, দেশে ফেরার পর তারেক রহমান এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রটেকশনসহ বিশেষ নিরাপত্তা। এ ছাড়া তারেক রহমানের বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তাঁর ধারেকাছে ভিড়তে দেবে না পুলিশ। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন।

আরেকটি সূত্র জানায়, তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাঁকে বহনকারী গাড়ির আগে-পিছে পুলিশ প্রটেকশন দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ প্রটেকশনের গাড়িসহ তারেক রহমানের ধারেকাছে যারা ডিউটি করবেন, তাদের সিকিউরিটি ভেটিং শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। তাদের রাজনৈতিক আদর্শ এবং পরিবারের সদস্যদের বিষয়ে তদন্তের পর তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। এ জন্য একাধিক গোয়েন্দা সংস্থা তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের বিষয়ে নানামুখী তদন্ত করবে।

গোয়েন্দা তদন্তে যেসব পুলিশ সদস্যের বিষয়ে ইতিবাচক প্রতিবেদন পাওয়া যাবে না, তাদের তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত করা হবে না। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন।

জানা যায়, তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ওইদিন তার নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ।

ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, তারেক রহমানের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, ‘তারেক রহমানকে পুলিশ প্রটেকশন দেওয়া হবে। এ ছাড়া আরও নানামুখী ব্যবস্থা থাকবে। বিমানবন্দর থেকে এই নিরাপত্তা ব্যবস্থার সূচনা হবে। এখনই সবকিছু বলা যাবে না।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​তারেক রহমানের ফ্লাইট থেকে হঠাৎ দুই ক্রু প্রত্যাহার, ঘটনা কী


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ