ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের পথে ওসমান হাদির মরদেহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৫:৪৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৬:০৭:৫৩ অপরাহ্ন
দেশের পথে ওসমান হাদির মরদেহ ​ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ দ্বারা দেশে আনা হচ্ছে। ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বিজি-৩৮৫ ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ সুষ্ঠুভাবে দেশে আনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মরদেহ বের করা হবে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে। 

বিমানটি ঢাকায় পৌঁছানোর পর হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে।

দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান সন্ধ্যা ৬টা নাগাদ ঢাকায় পৌঁছুবে। আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো। সেখান থেকে শহিদ ওসমান হাদিকে সর্বসাধারণের দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

শরিফ ওসমান হাদি গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। তার মৃত্যু সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এর আগে, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে হামলাকারীদের গুলিতে মারাত্মক আহত হন হাদি। মাথায় গুলি লাগার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ