যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে আরও ৭ টি দেশের নাম যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হোয়াইট হাউজের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন নাম যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। তালিকায় সিরিয়া ও ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৭টি দেশের নাম যুক্ত করা হয়েছে। এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকেরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, ট্রাম্প একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার হুমকি থেকে দেশকে রক্ষার জন্য যেসব দেশের নাগরিকদের যাচাই–বাছাই, স্ক্রিনিং এবং তথ্য আদান–প্রদানে প্রমাণিত, ধারাবাহিক ও গুরুতর ঘাটতি রয়েছে— সেসব দেশের ওপর প্রবেশ–নিষেধাজ্ঞা আরও বিস্তৃত ও জোরদার করা হয়েছে।মঙ্গলবারের সিদ্ধান্ত অনুযায়ী বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া, এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা ভ্রমণ নথির ধারকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি লাওস ও সিয়েরা লিওন-এর ওপরও পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যেগুলো আগে কেবল আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল।হোয়াইট হাউস জানায়, এই সম্প্রসারিত ভ্রমণ নিষেধাজ্ঞা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন