ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০১:০৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০১:০৭:৫৫ অপরাহ্ন
​ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের ​ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন বলে আগেই দাবি করেছিলেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি নতুন করে দাবি করেন, ভারতে পালিয়ে গিয়ে ফয়সাল করিম মাসুদ সেলফি পাঠিয়েছেন।

সায়ের তার পোস্টে লেখেন, “ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন।”

তিনি আরও লেখেন, বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর জোগাড় করে দেন। পোস্টে তিনি ওই নম্বরের আংশিক অংশ উল্লেখ করেন (+৯১৬০০১৩৯৪০**)।

সায়েরের দাবি, “এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের একটি সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।” তিনি বলেন, যেসব নম্বরে ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে ছবিটি পাওয়া গেছে এবং সেটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় থাকা ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনার পর থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

সূত্র: ইত্তেফাক

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ