ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কর্মচারীর গাফিলতিতেই খাঁচা থেকে বেরিয়ে আসে সিংহী : তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৬:৩১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৬:৩১:৩৪ অপরাহ্ন
কর্মচারীর গাফিলতিতেই খাঁচা থেকে বেরিয়ে আসে সিংহী : তদন্ত কমিটি ​সিংহী ডেইজি। ছবি : সংগৃহীত
দায়িত্বশীল এক কর্মচারীর গাফিলতির কারণেই রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় সিংহী খাঁচা থেকে বেরিয়ে পড়ে বলে জানিয়েছে তদন্ত কমিটি। তদন্তে উঠে এসেছে, আবু বক্কর নামে ওই কর্মচারী সিংহীর খাঁচা লক করতে ভুলে গিয়েছিলেন।

বুধবার (১০ ডিসেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। তবে এখনো প্রতিবেদনটি হাতে পাননি তিনি।

তিনি বলেন, স্থায়ী দৈনিক শ্রমিক আবু বক্কর সিংহীর খাঁচা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতীয় চিড়িয়াখানার বেশির ভাগ খাঁচা পুরোনো হওয়ায় সেগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে।

তদন্ত প্রতিবেদনে একাধিক সুপারিশও করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম হলো নিরাপত্তা জোরদার করা।

সুপারিশে বলা হয়েছে, ভবিষ্যতে যিনি খাঁচার দরজা বন্ধ করবেন, তার পাশাপাশি অন্য একজন কর্মচারী তা পরীক্ষা করে দেখবেন দরজাটি ঠিকভাবে লক হয়েছে কি না। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জনবল বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের জন্য নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সিংহী ডেইজি খাঁচা থেকে বেরিয়ে পড়লে চিড়িয়াখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার প্রায় পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে সিংহীটিকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে নিরাপদে আবার খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ