হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই: ডিএমপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১২-২০২৫ ০৩:১৪:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১২-২০২৫ ০৩:১৯:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার (১৪ ডিসেম্বর) পল্টনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তালেবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে এবং পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, দ্রুত তথ্য পাওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
মুখপাত্র আরও জানান, প্রধান সন্দেহভাজনকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয়েছে, তবে হাদিকে হত্যাচেষ্টা চালানো শুটার সীমান্ত পাড়ি দেওয়ার কোনো তথ্য ডিএমপির কাছে নেই। তিনি বলেন, হামলার পেছনের কারণ ও সময় নির্বাচন সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের আগে কোনো টার্গেট কিলিংয়ের শঙ্কা পুলিশ দেখছে না। পুলিশ প্রার্থীদের নিরাপত্তা, নগরবাসীর জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে।
ডিএমপি মিডিয়া সেলের মুখপাত্র জানান, হাদির ওপর হামলার ঘটনার বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স