ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৩:০১:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৩:০১:২৩ অপরাহ্ন
পাবনায় মদপানে ২ জনের মৃত্যু সংবাদচিত্র: সংগৃহীত
পাবনা শহরে বিষাক্ত মদপানে সুমন সরকার (৩৫) ও মামুন (৩২) নামের দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন সরকার পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে এবং মামুন রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ হিসেবে মদপানের বিষয়টি উল্লেখ আছে। তবে তারা কোথা থেকে কীভাবে মদ পান করেছেন এবং কীভাবে মারা গেছেন এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২টায় এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজন হাসপাতালেই মারা যান এবং পরে স্বজনরা মরদেহ নিয়ে চলে যান। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে নিহতদের পরিবারের সদস্যরা এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তারা দাবি করছেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালেই সুমনের মরদেহ দাহ করা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের বার ‘চাকী বাড়ি’ থেকে ‘পিড’ নামের একধরনের বিষাক্ত মদপানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ