ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১২-২০২৫ ১১:৪১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৫ ১১:৪২:৪১ অপরাহ্ন
উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা ​ছবি: সংগৃহীত
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা সেই শিশু সাজিদকে বাঁচানো যায়নি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার রাতে মাটির ৫০ ফুট নিচের গর্ত থেকে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, টানা ৩২ ঘণ্টা নিখোঁজ থাকার পর দুই বছর বয়সী শিশু সাজিদকে মাটির নিচে অন্তত ৫০ ফুট গভীর গর্ত থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। দীর্ঘ ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি থেকে মাটি নিয়ে আসার সময় একটি ট্রলি আটকে যায়। রাকিব ও তার স্ত্রী তাদের দুই বছরের ছেলেকে নিয়ে মাটিতে গেঁথে যাওয়া ট্রলিকে দেখতে যান। শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল। কোনো এক সময় পরিত্যক্ত গভীর নলকূপের ওই গর্তে পড়ে যায় সে।

বাংলা স্কুপ/প্রতিনিধি /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ