ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৬:১৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:৫৩:৩১ অপরাহ্ন
​জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর (সোমবার)। পাশাপাশি ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি, ২০২৬ (রোববার) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

এদিকে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ সময় ঠিক করা হয়েছে ১১ জানুয়ারি, ২০২৬। পাশাপাশি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, ২০২৬।

অন্যদিকে রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। পাশাপাশি নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত (১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা)।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়।

বৃহস্পতিবার নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন (ইসি) এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর অংশ হিসেবে আগারগাঁওয়ের ইসি ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কড়া তল্লাশির ব্যবস্থা নেয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ