ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাবেক সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এবাদুল করিমের মস্তিস্কে রক্তক্ষরণ হলে ২ দিন আগে হাসপাতালটিতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
এবাদুল করিম বুলবুল ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বীকন ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি এবাদুল করিম বুলবুল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের সন্তান। তিনি অনেক মসজিদ, মাদরাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য ছিলেন তিনি। এবাদুল করিম বুলবুল মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সন্তান রেখে গেছেন। আজ বাদ আছর ঢাকার বনানী সোসাইটি জামে মসজিদে নামাজে জানাযা শেষে সেখানে তাঁর দাফন সম্পন্ন হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন