ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৭:১২:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৭:১২:৫৭ অপরাহ্ন
​নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আগের নির্বাচনগুলোতে যত আইনশৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছিল, এবার তার চেয়ে আরও বেশি দেওয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপর। ভোটাররা যখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না।’

তিনি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর জোর দেন। পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আপনারা কাজ করুন। যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো আত্মীয়-স্বজন বা আমি নিজেও কোনো অনিয়ম করি, তা লিখুন।’

এর আগে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।

এ সময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ