ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) শ্যামলী ডিভিশনে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বিদ্যুৎকর্মী জামাল খন্দকার মারা গেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত বিদ্যুৎকর্মীর ছেলে মো. জাহিদ হাসান বুধবার (১০ ডিসেম্বর) বিকালে বাংলাস্কুপকে বলেন, গত দুই দিন আগেই বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। দাফনের জন্য বাবার মরদেহ কুষ্টিয়ায় গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি।
শ্যামলী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বাংলা স্কুপকে বলেন, জামাল খন্দকারের কিডনি ও ডায়াবেটিসের সমস্যা ছিল। শেষের দিকে তাঁর শরীরের অনেক অঙ্গই কাজ করছিল না। তিনি আরো বলেন, গতকালও আমি ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও সর্বোচ্চ চেষ্টা করেছেন।
উল্লেখ্য, গত সোমবার (১ ডিসেম্বর) সকাল দশটা ৪০ মিনিটে মোহম্মদপুরের আসাদগেট প্রধান সড়কে উচ্চচাপ সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়েছিলেন জামাল খন্দকার। এতে তাঁর ডান হাতের কব্জি ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। মুমুর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কব্জি হারালেন বিদ্যুৎকর্মী