বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: খসরু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-১২-২০২৫ ১২:২২:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৬-১২-২০২৫ ১২:২২:৫৩ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে ফেব্রুয়ারির সংসদ নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা দেখছেন না দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
খালেদার অসুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে ভোট নিয়ে শঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, “এসব প্রশ্ন আসে কী করে, আমি বুঝি না। নির্বাচন তো নির্বাচনের জায়গায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। সবচেয়ে বেশি নির্বাচন যিনি চাইবেন বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তনের জন্য, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”
শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “উনি যে অবস্থায় থাকুক, উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ ও সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরে আসুক, বাংলাদেশের মানুষ আবার তাদের তাদের মালিকানা ফিরে পাক। যদি সবচেয়ে বেশি কেউ চেয়ে থাকে (নির্বাচন) সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে?”
আমির খসরু আরও বলেন, তার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে সেখানে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।
দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।
২০২০ সালে কারাগার থেকে মুক্তির পর দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তিনি সরাসরি অংশগ্রহণ করেননি।
তবে চলতি বছরের শুরুতে লন্ডনে চিকিৎসা করিয়ে আসার পর তাকে ঘিরে বিএনপিতে নতুন করে উদ্দীপনা তৈরি হয়।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হওয়ার কথা বিএনপি নেত্রীর। তারেক রহমানও প্রথমবারের মতো ভোটে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, তার ফেরার আশায় দিন গুনছিলেন নেতাকর্মীরা।
কিন্তু তার মায়ের অসুস্থতায় বদলে যাওয়া পরিস্থিতিতে লন্ডন থেকে তারেকের দেশে ফেরা এখন অনিশ্চিত হয়ে গেল। এর মধ্যে হাসপাতালে ‘সংকটাপন্ন’ অবস্থায় থাকা তার মা খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।
তারেক রহমান এখনো ভোটার হননি। প্রবাসে থেকে ভোটার ও প্রার্থী হতে তাকে এখন নির্বাচন কমিশনের বিশেষ সহযোগিতার ওপর নির্ভর করতে হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স