ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, যা বললেন অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৫:২৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৬:২২:৪৫ অপরাহ্ন
​তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, যা বললেন অ্যাটর্নি জেনারেল ​ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না— এ প্রশ্নকে অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ভোট করবেন—উনি এটা বলেছেন। উনি খুব ভালো করে জানেন, ভোট করতে হলে কী করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি— এ প্রশ্ন অবান্তর।’

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি (তারেক রহমান) ভোটার না হলে ভোট করবেন না। উনি যেহেতু বলেছেন, ভোট করবেন— সে কারণে ধরে নিতে হবে, উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার ও বাংলাদেশে ভোট করবেন।’

সীমান্তে হত্যার বিচার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সীমান্তে হত্যার আইনগত দিক দুই রাষ্ট্র মিলেই দেখছে। সীমান্ত হত্যার অনেকগুলো বিচার আমরা দেখেছি, যা একটি আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে এক জায়গায় পৌঁছায়।’

সীমান্তে হত্যার বিচার নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সীমান্তে হত্যার আইনগত দিক দুই রাষ্ট্র মিলেই দেখছে। সীমান্ত হত্যার অনেকগুলো বিচার আমরা দেখেছি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিকভাবে একটা জায়গায় পৌঁছায়।’

সীমান্ত দিয়ে যে মুহূর্তে অবৈধভাবে মাদক প্রবেশ করছে, তখনই বাংলাদেশের আইন যথাযথ ব্যবস্থা নিচ্ছে জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘মাদকের অনেক মামলা বিচারাধীন আছে। কিছু মামলা আইনের চোখ ফাঁকি দিয়ে বের হওয়ার চেষ্টা করছে, তবে সেটা দীর্ঘস্থায়ী নয়। দীর্ঘস্থায়ী হলো- এর বিচার হবে, আইনের আওতায় আনা হবে এবং শাস্তি হবে।’

জুলাই গণহত্যাসহ বিগত ১৭ বছরের যেসব হত্যা মামলা রয়েছে, তার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এসব মামলাগুলো দ্রুততম নিষ্পত্তির জন্য বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে ইতোমধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মূল ট্রায়ালের ওপর যে ফোকাস, সেটা দেওয়ার জন্য ওই আদালতগুলোতে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুত সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি। সেই প্রক্রিয়া, সেই পথ ধরেই আমরা এগোচ্ছি।’

এ সময় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ