ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১২:১২:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা ​বিমানবন্দরে ডা. জুবাইদা রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেলের ভিডিও থেকে নেওয়া
ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা অগ্রগতি এবং লন্ডনে চিকিৎসার প্রস্তুতি দেখার জন্য দেশে এসেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য এবং বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেবেন।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হিথরো বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে দেশে রওনা হন। এ সময় মা জুবাইদাকে বিদায় জানান তার মেয়ে জাইমা রহমান।

ঢাকাস্থ কাতার দূতাবাস জানায়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের বিমান-এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে কারিগরি ত্রুটির কারণে এটি শুক্রবার আসতে পারেনি; সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, মেডিকেল বোর্ড অনুমোদন দিলে বেগম জিয়া রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে যেতে পারবেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি ১৩ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

এদিকে বিএনপির চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনা করে আজ বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি-আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ