খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে রোববার : মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-১২-২০২৫ ১১:৫০:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৫ ০৪:৩৯:২৫ অপরাহ্ন
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আগামী রোববার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। আর তাঁকে নিতে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে শনিবার (৬ ডিসেম্বর)।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান। তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ৭ তারিখ রোববার ফ্লাই করবেন তিনি।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় পৌঁছেছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তার সঙ্গে লন্ডনে যাবেন আরও বেশ কয়েকজন।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান। তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া হবে।
তবে পরে দলের পক্ষে জানানো হয়, হয়তো কিছুটা দেরি হতে পারে। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনের লন্ডনে যাওয়ার কথা রয়েছে। অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। শনিবার এই এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় গত ২৩ নভেম্বর রাতে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় সিসিইউতে। সেখানেই যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল ও দেশি চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের সিদ্ধান্তে তাঁকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স