ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সীমান্তে কাস্তে হাতে ভাইরাল সেই কৃষককে বিজিবির সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:৫৭:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৫:২৪:৩৬ অপরাহ্ন
​সীমান্তে কাস্তে হাতে ভাইরাল সেই কৃষককে বিজিবির সংবর্ধনা ​ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতের বেআইনি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা প্রতিহত করার সময় সাহস দেখানো স্থানীয় কৃষক বাবুল আলীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংবর্ধনা দিয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবর্ধনা প্রদান করা হয়।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে চৌকা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেআইনি কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন শুরু করলে বিজিবি বাধা দেয়। এ সময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পেছনে কাস্তে হাতে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় কৃষক বাবুল আলী। মুহূর্তেই তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাবুল আলী গণমাধ্যমকে বলেন, খুব ভালো লাগছে। জানুয়ারি মাসে যেমন আমরা সীমান্তে ভারতের আগ্রাসনের প্রতিরোধ গড়ে তুলেছিলাম, আগামীতেও দেশের মাটিকে নিরাপদ রাখতে আমরা সবাই বদ্ধপরিকর। দেশের মাটিকে কেউ দখল করতে পারবে না; প্রয়োজনে প্রাণ দিতেও আমরা দ্বিধা করব না।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তবর্তী জনগণের সাহসের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ