ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কুড়িগ্রামে কুয়াশা ও শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:২৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:২৭:৩৫ অপরাহ্ন
​কুড়িগ্রামে কুয়াশা ও শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত ​ছবি: সংগৃহীত
উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল হাওয়ার প্রভাবে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে পুরো অঞ্চল। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কে ঝুঁকি বাড়ছে, হেডলাইট জ্বালিয়েই চলছে যানবাহন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, খেটে-খাওয়া ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও মিলছে না পর্যাপ্ত কাজ।

যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া (৬০) বলেন, কুয়াশা আর ঠান্ডায় বাড়ি থাকি বের হওয়া যায় না। কিন্তু কাজ না করলে খাওয়া লাগবে, তাই কষ্ট করে বের হই।

কুড়িগ্রাম পৌর শহরের রিকশাচালক আমিনুল ইসলাম (৫০) বলেন, ঠান্ডায় বাড়িতে ছিলাম, পরে বের হইছি। কিন্তু ভাড়া নাই। লোকে বাইরে বের হয় না, ভাড়া না পাইলে সংসার কীভাবে চলবে সেই চিন্তায় আছি।

শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় আবহাওয়া অফিস। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ