বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১২-২০২৫ ০১:২৪:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৫ ০১:২৪:৩৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিজভী বলেন, 'অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। দেশবাসী আজ দোয়া করছেন— তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসতে পারেন।'
তিনি আরও জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। একই সঙ্গে জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবং এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় ইতোমধ্যে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাতে চীনের চারজন বিশেষজ্ঞ এভারকেয়ার হাসপাতালে এসে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী পরিবর্তনের পর তিনি সম্পূর্ণ মুক্ত হন। চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে গিয়ে ১১৭ দিনের চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
সবশেষ গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স