খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়ার আহ্বান জানাল সরকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১২-২০২৫ ১২:২৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৫ ০১:৩৪:১৮ অপরাহ্ন
ফাইল ছবি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
ঘোষণায় জানানো হয়, আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে।
সরকার আরও জানিয়েছে, দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।
অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে। এর পর থেকে তাঁকে বিশেষ নিরাপত্তা দিচ্ছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স