খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১২-২০২৫ ০৭:২৮:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৫ ০৭:০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তাঁর গাড়ি বহর হাসপাতালে পৌঁছায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে সরাসরি চেয়ারপার্সনের কাছে নিয়ে যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
প্রধান উপদেষ্টা হাসপাতালে কিছু সময় অতিবাহিত করেন। এসময় দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তারা। একইদিন রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এভারকেয়ার হাসপাতালে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।
অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে। এর পর থেকে তাঁকে বিশেষ নিরাপত্তা দিচ্ছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স