ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইমরান খান পুরোপুরি সুস্থ থাকলেও মানসিক নির্যাতন করা হচ্ছে: উজমা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:১৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:১৬:৪৮ অপরাহ্ন
​ইমরান খান পুরোপুরি সুস্থ থাকলেও মানসিক নির্যাতন করা হচ্ছে: উজমা ​ফাইল ছবি ​। সংগৃহীত
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবারের কেউ। এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তিনি মারা গেছেন—বলেও গুঞ্জন উঠেছে। এরমধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে যান ইমরান খানের বোন উজমা খানুম।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উজমা খানুম জেলের ভেতরে প্রবেশ করেন। এ সময় জেলের বাইরে কয়েকশ তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মী জড়ো হয়ে ইমরানের স্বাস্থ্য ও পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা দাবি করেন। 

কারাবন্দী ভাইয়ের সঙ্গে দেখা করার পর উজমা জানিয়েছেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন। ফলে সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর গুজব নিয়ে চলা কয়েক দিনের নাটকীয়তার অবসান হয়েছে।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপকালে উজমা খানম বলেন, ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে। তবে তিনি খুব রাগান্বিত ছিলেন এবং বলেছেন তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।’

তিনি জানান, তার ভাইকে দিনের বেলায় সারাক্ষণ তার কক্ষেই রাখা হয়, বাইরে যাওয়ার জন্য সামান্য সময় দেওয়া হয় এবং কারও সাথে কোনো যোগাযোগের সুযোগ নেই। উজমা খানম জানান, তিনি ইমরান খানের সাথে ৩০ মিনিট ছিলেন।

মঙ্গলবার আদিয়ালা জেল ও ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাতে বাধার প্রতিবাদে বিক্ষোভ করেছিল পিটিআই। দেশটির খাইবার পাখতুনখোয়া (কেপিকে) মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানান, অক্টোবর ২৭ থেকে কেউ ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি। এই ঘটনায় ক্ষোভ বেড়েছে দেশটিতে।

৭২ বছর বয়সি ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন।

ইমরান দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার রাজনৈতিক দল পিটিআই মনে করছে, এই মামলাগুলো তার রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনি অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে করা হয়েছে।

সূত্র: ডন

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ