বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। সভায় জাতির প্রতি তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বানও জানানো হয়।
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের ভেতরে তার নির্বিঘ্ন চিকিৎসা, উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেওয়ার পরিকল্পনা, সর্বোচ্চ নিরাপত্তা জোরদার এবং মর্যাদা নিশ্চিত করতে তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, এই সিদ্ধান্ত সম্পর্কে খালেদা জিয়ার পরিবার ও দলকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ডা. জাহিদ