সৌদিসহ ৭ দেশে পুনরায় চালু হয়েছে প্রবাসী ভোটার নিবন্ধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-১১-২০২৫ ০৭:০৬:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১১-২০২৫ ০৭:০৬:২৪ অপরাহ্ন
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরবসহ সাত দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৩০ নভেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোববার বিকাল সোয়া ৩টা থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় অ্যাপের মাধ্যমে নিবন্ধন আবারও চালু করা হয়েছে।
তিনি বলেন, ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের অবশ্যই স্ব স্ব দেশের সঠিক ইংরেজি ঠিকানা ও পূর্ণ পোস্ট কোড প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু-আত্মীয় বা নিকটস্থ কোনো প্রতিষ্ঠানের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।
এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, সৌদি আরবসহ সাতটি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দেওয়া আবশ্যক। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। তাই নিবন্ধন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। তারা জানান, প্রবাসী ভোটাররা যাতে দ্রুত নিবন্ধন করতে পারেন, সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা অ্যাপ পুনরায় চালু করার চেষ্টা করছি।
নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না—এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, বর্তমানে ২১ দিনের সময় যথেষ্ট। ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে এবং একজন ভোটারও যেন বাদ না পড়ে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপর ব্যালট পেপার প্রিন্টিং ও ডাক বিভাগে হস্তান্তর শুরু হবে।
ইসির তথ্য অনুযায়ী, রবিবার বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন ৯৫ হাজার ৪৫০ জন প্রবাসী বাংলাদেশি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা দেশের নির্বাচনী ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স