রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-১১-২০২৫ ০৬:৩০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১১-২০২৫ ০৬:৩৭:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর সবুজবাগ থানাধীন খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জহির উদ্দিন ভূঁইয়া( ৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দৈনিক ভোরের পাতায় ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (৩০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছে, নিহত জহির উদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার চাবিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ারং ছেলে। বর্তমানে খিলগাঁও থানার মধ্য বাসাবো ১০ এর মোড়ে ১৭ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
নিহত জহির উদ্দিন ভূঁইয়ার ছেলে রাকিব ভূঁইয়া তামিম বলেন, ‘আমার বাবা দৈনিক ভোরের পাতার স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করতেন। বেলা পৌনে ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার বাবা আর বেচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘খিলগাঁও ফ্লাইওভার থেকে আহত অবস্থায় এক সাংবাদিককে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স