ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না : ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৮:১৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৮:১৯:২৩ অপরাহ্ন
​কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না : ড. মোশাররফ ​ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তি আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি বলেন, জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী।

নির্বাচনী উৎসব পালন করতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধানের শীষের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। তা দেখে ভীত হয়ে কেউ কেউ অযৌক্তিক অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত বা পেছানোর ষড়যন্ত্র করছে। 

শনিবার (২৯ নভেম্বর) বিকালে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপির প্রার্থী ড. মোশাররফ বলেন, গত ১৫ বছর কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। দেশের মানুষ যখনই ভোট দেবার সুযোগ পেয়েছে, তারা বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। 

তিনি বলেন, মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে, একমাত্র বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনৈতিক স্বচ্ছলতা আসে, ব্যাপক উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী হয় এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। সঞ্চালনা করেন মেঘনা উপজেলা বিএনপি নেতা মো. মিজানুর রহমান। 

সমাবেশ শেষে ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে গণমিছিলটি মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোডে গিয়ে শেষ হয়। এ সময় সড়কের দুইপাশে প্রচুরসংখ্যক নারী-পুরুষ প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এই সময় ড. মোশাররফ হাত নেড়ে মেঘনাবাসীকে শুভেচ্ছার জবাব দেন। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ