ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১০:৩৫:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১০:৩৫:৫৭ পূর্বাহ্ন
৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা ফাইল ছবি
জরুরি মেরামত, সংরক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের কারণে সিলেট নগরী এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় শনিবার (২৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পুনরায় সচল করা হবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সিলেট নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং লাইনের উন্নয়ন কার্যক্রমের জন্য ১১ সোবহানীঘাট ফিডারের আওতায় থাকা চালিবন্দর, কাস্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।এছাড়াও একই সময়ে ১১ রায়নগর ফিডার সংযুক্ত সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও নিকটবর্তী এলাকাসমূহেও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।পিডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সচল করা হবে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং জরুরি সেবায় কিছুটা ভোগান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সিলেটের পাশাপাশি জয়পুরহাটেও আজ একই দিনে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে গত ২৪ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়পুরহাট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পুরো শহরজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। ফলে নেসকো জয়পুরহাট দপ্তরের আওতাধীন সব এলাকা এ সময় বিদ্যুৎহীন থাকবে। নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সুত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর বিদ্যুৎ দ্রুত স্বাভাবিক করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ