‘কোনো ধরনের ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১১-২০২৫ ০৫:১৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৫ ০৮:০৯:৩৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কোনো ধরনের ঝামেলা ছাড়াই আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে ও গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থীর মনোনয়ন দিয়েছে। দেশে নির্বাচনি আবহ সৃষ্টি হয়েছে। তাই বিএনপি আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিভিন্ন আসনে বিএনপি মনোনীত সদস্যদের প্রত্যাহারকে কেন্দ্র করে আন্দোলনের ঘটনাকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি স্রোতস্বিনী নদীর মতো। প্রতিটি আসনেই ৪ থেকে ৫ জন করে ক্যান্ডিডেট রয়েছে। সবাই আশা করতেই পারে। এসব ঘটনা স্বাভাবিক। এসব ঘটনাই প্রমাণ করে বিএনপি একটি বড় দল। বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং অনেক এগিয়ে থাকবে।
চট্টগ্রাম পোর্ট বেসরকারিভাবে হস্তান্তর বিষয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ভালো মনে করেছে, তাই দিয়েছে। আমরা ক্ষমতায় গেলে দেশের জন্যে যা ভালো মনে হবে, তাই করা হবে।
সভায় জেলার বিভিন্ন স্তরের আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার ব্যবস্থার স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত প্রকাশ করেন।
জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ইউসুফ আলির সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম, বারের পিপি অ্যাডভোকেট সারওয়ার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির প্রমুখ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স