আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-১১-২০২৫ ০৫:৫৭:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১১-২০২৫ ০৮:৩১:২৯ অপরাহ্ন
ফাইল ছবি
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০শে নভেম্বর। এ সময়কে এক মাস বাড়িয়ে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড রোববার এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের কর কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করে আগামী ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখ নির্ধারণ করেছে।
এতে আরো বলা হয়েছে, ‘ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে ১৫ই ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করা যাবে মর্মে আরো একটি আদেশ জারী করা হয়েছে’।
এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স